মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

হাসিনাকে হত্যাচেষ্টার দায়ে তারেকসহ ৪৯ আসামির মৃত্যুদণ্ড দাবি

নিজস্ব প্রতিবেদক: তখনকার বিরোধী নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সমাপনীকালে এ দাবি জানানো হয়।

২০০৪ সালের ২১ আগস্ট হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলার বিচারকাজ চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। হত্যা মামলায় আসামি ৫২ জন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আসামি ৪১ জন। হত্যা মামলায় ৫২ আসামিদের মধ্যে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৮ আসামি জামিনে ও ২৩ জন কারাগারে। তিন আসামির ফাঁসি কার্যকর হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে। এ মামলায় ৪৯২ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। গত ১২ জুন মামলায় ৩১ আসামির আত্মপক্ষ শুনানি শেষ হয়। তবে তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

উল্লেখ্য, ২০০৪ সালে ঢাকার গুলিস্তানের পাশে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে দলের মহিলাবিষয়ক সম্পাদিকা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। হামলায় আহত হন কয়েকশ নেতাকর্মী। আর শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *