নিজস্ব প্রতিনিধি: টানা নয় বছর ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে জীবনের স্বাভাবিক ছন্দ না থাকায় আক্ষেপ ঝরেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। তার সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার চাঁদপুরের একটি অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শোনালেন সেই আক্ষেপের কথা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকেও জলাঞ্জলি দিতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যাকে। আগে সড়ক পথে বিভিন্ন জেলায় সফরে গেলেও এখন অধিকাংশ সময়েই তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে বলেও আক্ষেপ তার। শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী হয়ে তো আমার কপাল পুড়ে গেছে। আগে যেসব জায়গায় রাস্তা দিয়ে যেতাম, তাও এখন নাই, এখন আকাশ দিয়ে উড়ে যেতে হয়। আকাশ দিয়ে উড়ে যাওয়ার ফলে রাস্তার মজাটাই পাওয়া যাচ্ছে না। এটাই হল দুর্ভাগ্য।” বিভিন্ন সময় যাত্রাপথে ফেরি কিংবা লঞ্চঘাটে মিষ্টি, পেঁয়াজুর মতো মুখরোচক খাবারের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, “প্রত্যেক ফেরি ঘাটে থেমে থেমে সেখানে কোন ফেরি ঘাটে কোন মিষ্টি ভালো, কোন খাবারটা ভালো, কোথাকার কোন পেঁয়াজুটা ভালো, সে খবর পেতাম। খেতামও। এখন সেটা আর কপালে হয় না। সেটাই হল দুর্ভাগ্য।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে ছয় বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর প্রতিকূল অবস্থার মধ্যে ১৯৮১ সালে দেশে ফিরে বাবার দল আওয়ামী লিগের সভানেত্রী হন শেখ হাসিনা। সেই থেকেই তিনি দলের সুপ্রিমো। তারপর এখন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে প্রথমবারের মতো ৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।



Leave a Reply