নিজস্ব প্রতিনিধি: ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ সদরে ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের পর জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, “গত ৭ জানুয়ারি উপজেলার ফতুল্লায় এক ব্যক্তি তার ফেসবুকে কোরআন অবমাননা করে এমন অভিযোগে শুক্রবার দুপুরে স্থানীয় মুসল্লিরা রাস্তায় বিক্ষোভ করে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করে। পুলিশ ঘটনা তদন্তের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যান।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমান ওরফে মাছ মজিবুরের ছেলে হাসান উল ইসলাম (২৯) সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন। এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এনিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়। পরে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় খবর পেয়ে বিক্ষোভস্থলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, পরিদর্শক (আইসিটি) গোলাম মোস্তফা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। এলাকাবাসী জানান, মাছ মজিবুরের ৫ মেয়ে ও ২ ছেলের মধ্যে হাসান উল ইসলাম সবার ছোট। ছেলেমেয়ে প্রত্যেকেরই বিয়ে দেয়া হয়েছে।
হাসান উল ইসলাম ২ বছর আগে একই এলাকায় বিয়ে করেছেন। কয়েক বছর ধরে মাদক সেবন করে উশৃংখল চলা ফেরা করে আসছে। তাকে স্থানীয়রা মাদকাসক্ত হিসেবে চিনে। রূপগঞ্জে একটি ইটভাটা ও ফতুল্লায় প্রচুর পরিমাণের অর্থসম্পদ রয়েছে মাছ মজিবুরের। বাড়ির সামনে রয়েছে একটি মার্কেট। ঘটনার পর থেকে মাছ মজিবুরের পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে। ঘটনা সম্পর্কে জানতে হাসানের বড় ভাই হেদায়েত উল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



Leave a Reply