নিজস্ব প্রতিবেদক: সতের কোটি জনসংখ্যার বাংলাদেশে ভোটার সংখ্যা এখন দশ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। নির্বাচন কমিশন বুধবার ঢাকার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪৬ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন নতুন ভোটার।
সব মিলিয়ে দেশের ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটারের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ। আর ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। অর্থাৎ, ভোটার তালিকায় পুরুষ ও নারীর অনুপাত- ৫০.৪২: ৪৯.৫৮।
কমিশনের সচিব জানান, ২০১৭ সালের হালনাগাদ এবং ২০১৫ সালে নেওয়া পনের বছর বয়সীদের নিবন্ধনের তথ্য মিলিয়ে (যারা চলতি বছর ১ জানুয়ারি ভোটার হওয়ার যোগ্য হয়েছেন) নতুন ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। নতুন ভোটারদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য ২০১৭ সালে, ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে এবং দুই লাখ ৭০ হাজার ১৫৮ জন গতবছর হালনাগাদে এবং ৯০ হাজার ৪৯৮ জন রিভাইজিং অথরিটির মাধ্যমে তালিকায় যুক্ত হয়েছেন।
সর্বশেষ হালনাগাদের আগে দেশে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এবার হালনাগাদে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন মৃত ভোটার এবং ২ লাখ ৪ হাজার ৮৩১ জন দ্বৈত নিবন্ধিত ভোটারের নাম বাদ পড়েছে।



Leave a Reply