নিজস্ব প্রতিবেদক: দুইদিনের সফরে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারে উন্নীত করার লক্ষ্যে তার এই সফর। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তত্কালিন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বাংলাদেশ সফর করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তার সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার পাশাপাশি বাংলাদেশের ওপর যুক্তরাজ্যের কার্গো অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া ব্রেক্সিট পরবর্তী ঢাকা-লন্ডন সম্পর্ক ও ভিসা ইস্যুতে তার সফরে আলোচনা হবে। সফরকালে বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার যুক্তরাজ্য। সেখানে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। দেশটি বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তাও দিয়ে থাকে।
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরব রয়েছে যুক্তরাজ্য। তারা শুধু রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদেই নয়, অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়ও সহায়তা করেছে। রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তাও দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকের সময়ে বরিস জনসন জাতিসংঘ সদর দফতরে পৃথকভাবে রোহিঙ্গা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিলেন।



Leave a Reply