মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

লোকমান কখনো বলেনি ক্লাবে ক্যাসিনো আছে: পাপন

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইন–চার্জ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ক্লাবে ক্যাসিনো চালানোর তথ্য কখনো তাকে দেননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।তিনি জানিয়েছেন লোকমান হোসেন ভূঁইয়ার যদি ক্যাসিনো সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিচার হবে।

শুক্রবার গুলশানে তার বাসভবনে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বললেন, ‘দেখুন এখানে বিব্রত হওয়ার কিছু নেই। যেটা বুঝি যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এটাতে তো কারও কোনো দ্বিমত হওয়ার কিছু নেই। এটুকু জানি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপটি নিয়েছেন এটাকে ভালো না বলার কোনো কারণ নেই। লোকমান হোসেন ভুঁইয়া (ক্লাব) ভাড়া দিয়েছে। সে যদি ক্যাসিনোর জন্য ভাড়া দিয়ে থাকে এবং সেটির সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা থাকে তাহলে বিচার হবে।’লোকমান হোসেন মাদক মামলায় রিমান্ডে আছেন।

তার ক্যাসিনো সংশ্লিষ্টতা বিষয়ে নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘আগে জানি কী হয়েছে। আরও নাম আসতে পারে, কারা কারা জড়িত। আগে জানি, বুঝি। এখনই মন্তব্য করার সময় হয়নি। তবে এটা সত্যি যে আমরা জানতামই না এমন কিছু হচ্ছে। যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমি মনে করি এটাকে পুরোপুরি সমর্থন দেওয়া উচিত দেশবাসীর।’

তিনি বলেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায়নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলেনি—এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো উপায় নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি, সেটাই বললাম। এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটা কী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে আইন আছে। তারা আগে দেখুক, বুঝুক। যে দোষ করেছে তার শাস্তি হবে, এটি নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই।’

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই এটা নিয়ে বলা ঠিক হবে না। আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। আমি বিসিবিতেও ছাড় দেব না। বিসিবিতেও কখনো আমি ছাড় দেইনি, এটি হতেই পারে না। এখানে আমাদের কোনো তদারকি নেই। ক্লাবে তাস খেলা হয়, এটি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। এই তাস খেলা আমি সারাজীবনই দেখে এসেছি। এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে এই ব্যাপারে সত্যি বলছি কোনো ধারণা ছিল না আমার। আমাকে লোকমান কোনো দিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। সে কিন্তু আমার বন্ধু। আমি নিজেও জানতাম না, আমাকে কখনো বলেইনি। এখন সব বের হয়ে আসবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *