মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

১০ বছরে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি মন্তব্য করেছেন, আওয়ামী লীগের শাসনামলের ১০ বছরে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।গতকাল শনিবার খুলনার শহীদ হাদিস পার্কে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। দুর্নীতি এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সাময়িক অভিযান কিছু চমক সৃষ্টি করেছে। এ দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে।তিনি আরো বলেন, ১০ বছরে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকারীদের আইনের আওতায় আনতে হবে।সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

কোনো অজুহাতেই দুর্নীতিগ্রস্থদের ছাড় দেওয়া যাবে না। ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতির সর্বগ্রাসী আক্রমণ বন্ধ করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে মেনন বলেন, ওয়ার্কার্স পার্টির ২১ দফার ভিত্তিতে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ। এছাড়াও দীপংকর সাহা দিপু, মিজানুর রহমান, আনসার আলী মোল্লা, দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, এস এম ফারুক উল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *