বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্রেন টিউমারে লড়ছেন ইলিয়াস কাঞ্চন


বিনোদন ডেস্ক

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অভিনেতার ছেলে মিরাজুল মইন জয়।

কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।’

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।
জানা গেছে, প্রায় সাত মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন। গত এপ্রিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানতে পারেন এই জটিল রোগের কথা। বর্তমানে লন্ডনে তার চিকিৎসা চলছে।

নায়কের পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কথা বলতে গিয়ে আটকে যেতেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। এ অবস্থায় গত ৯ এপ্রিল তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে এমআরআই রিপোর্টে ব্রেনে টিউমার ধরা পড়ে।

পরে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে।

এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে, যা সপ্তাহে পাঁচ দিন করে টানা ছয় সপ্তাহ চলবে। এরপর চার সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। সব কিছু ঠিক থাকলে তবেই চিকিৎসকরা নায়ককে দেশে ফেরার অনুমতি দেবেন।

সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রীর ছবির সামনে ইলিয়াস কাঞ্চন।
সত্তরের দশকে চলচ্চিত্রে আসা ইলিয়াস কাঞ্চন তার অভিনয় দক্ষতা দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর ওই বছরেরই ১ ডিসেম্বর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন শুরু করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সংগঠনটির চেয়ারম্যান।

এছাড়া গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি দল গঠন করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতেও পথচলা শুরু করেন। তারই মাঝে নায়কের ভক্তদের জন্য এলো এত বড় দুঃসংবাদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *