মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বুসান চলচ্চিত্র উৎসবের নতুন উপপরিচালক পার্ক গা-ইয়ন

রাজিব বেপারী ||

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (BIFF) নতুন উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উৎসবটির প্রধান প্রোগ্রামার পার্ক গা-ইয়ন।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে উৎসবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা পার্ক গা-ইয়ন এবার উপপরিচালক হিসেবে উৎসবের সার্বিক কার্যক্রমে যুক্ত থাকবেন।

২০০৯ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন পার্ক। এরপর তিনি উৎসবের জনসংযোগ, প্রোগ্রামিং ও আমন্ত্রণ বিভাগে কাজ করেছেন। পর্যায়ক্রমে তিনি প্রোগ্রামিং বিভাগের প্রধান, ওয়ার্ল্ড সিনেমা প্রোগ্রামার এবং সর্বশেষ প্রধান প্রোগ্রামারের দায়িত্ব পালন করেন।

বুসান চলচ্চিত্র উৎসরের সঙ্গে এবার তার ১৭তম বছর। দীর্ঘ এই সময়ে উৎসবের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এর কার্যক্রমের প্রায় প্রতিটি দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। সিনেমা নির্বাচন ও প্রোগ্রাম সাজানো থেকে শুরু করে অতিথিদের আমন্ত্রণ, বিভিন্ন আয়োজনের পরিকল্পনা, প্রচার ও বাস্তবায়ন—উৎসব পরিচালনার নানা ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে।

উপপরিচালকের নতুন দায়িত্বে পার্ক গা-ইয়ন উৎসবের অভ্যন্তরীণ ও বাইরের অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে চান। একই সঙ্গে মাঠপর্যায়ে অর্জিত যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে বুসান চলচ্চিত্র উৎসবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তার।

আয়োজকদের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং উৎসবের বিভিন্ন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কারণে পার্ক গা-ইয়ন নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এদিকে, আগামী ৬ থেকে ১৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ৩১তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ দিনব্যাপী এই আয়োজন হবে বুসান সিনেমা সেন্টার ও এর আশপাশের বিভিন্ন ভেন্যুতে।

১৯৯৬ সালে যাত্রা শুরু করা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত। বিশেষ করে এশিয়ার নতুন ও স্বাধীনধারার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসবটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *