হিমবাহধসের কারণে নেপাল ও তিব্বতে সৃষ্ট ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর সহায়তায় ১০ কোটি কোরিয়ান ওন দান করেছেন জনপ্রিয় কোরিয়ান গায়ক ও দক্ষিণ কোরিয়ার ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা।
রোববার (৩০ আগস্ট) লি নোর এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এজেন্সি জানায়, গত ২৮ আগস্ট আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার মাধ্যমে এই অনুদান দেন লি নো। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
এক বিবৃতিতে লি নো বলেন, “আমি আশা করি, আমার এই অবদান কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের কিছুটা হলেও সহায়তা করবে। দুর্যোগে বাস্তুচ্যুত মানুষ এবং ঘটনাস্থলে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সবাই যেন যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই প্রত্যাশা করছি।”
মানবিক কর্মকাণ্ডে লি নোর সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। গত কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত অনুদান দিয়ে আসছেন তিনি।
২০২৪ সালে ওয়ার্ল্ড ভিশনের বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলা কর্মসূচিতে ১০ কোটি ওন দান করেন লি নো। এর মাধ্যমে তিনি সংস্থাটির বড় দাতাদের স্বীকৃতিমূলক ‘বব পিয়ার্স অনার ক্লাব’-এর সর্বকনিষ্ঠ সদস্য হন।
এর পরের বছর, অর্থাৎ ২০২৫ সালে গুরুতর অসুস্থ রোগীদের সহায়তায় সিউলের স্যামসাং মেডিকেল সেন্টারে ১০ কোটি ওন দান করেন তিনি। একই বছর পরিত্যক্ত বিড়ালের চিকিৎসা ও পরিচর্যার জন্য একটি ক্যাট রেসকিউ সংগঠনকেও আরও ১০ কোটি ওন অনুদান দেন।
এ ছাড়া ২০২৫ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল এবং হংকংয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর পরিচালিত ত্রাণ কার্যক্রমেও স্ট্রে কিডসের অন্য সদস্যদের সঙ্গে অনুদান দিয়ে পাশে দাঁড়ান লি নো।
মানবিক সংকটে বারবার সহায়তার হাত বাড়িয়ে দেওয়া লি নোর এবারের অনুদানও ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।



Leave a Reply