রাজধানীতে দেলওয়ার হোসেন (৪০) নামে এক পানি (মিনারেল ওয়াটার) ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোনারগাঁও হোটেলের সামনে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেলওয়ার হোসেন রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার আব্দুর রউফের ছেলে।
আহতের বড় ভাই নূর মোহাম্মাদ জানান, কারওয়ান বাজারে তাদের পানির ব্যবসা রয়েছে। তাদের দোকানের নাম অনন্ত ড্রিংকিং ওয়াটার। শুক্রবার ওই প্রতিষ্ঠানে তার ভাই দেলওয়ার নাইট ডিউটি করেন। ডিউটি শেষে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন তাদের এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তিনি। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী দুটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে।
তিনি জানান, এ সময় তারা তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৩১ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি নিজেই ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, দেলওয়ার হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


