ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনা টিকিটে ঢুকতে না দেয়ায় রোববার ঘণ্টাখানেক প্রধান গেট বন্ধ করে রেখেছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, ‘ছাত্রলীগের পক্ষ থেকে আজ মেলা দেখা ফ্রি। সবাই টিকিট ছাড়াই মেলা দেখতে পারেন।’ ছাত্রলীগ নেতারা টিকিট ইজারাদার প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের অফিসে তালা ও টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেন। পরে অবশ্য উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে কাউন্টারগুলো খোলা হয়।
এ বিষয়ে শেকৃবি ছাত্রলীগ সভাপতি বলেন, প্রথমবর্ষের ছাত্ররা আইডি কার্ড পায়নি। মেলায় ঢুকতে তাদের বাধা দেয়া হয়। পরে সাধারণ ছাত্ররা মিলে গেট দখল করে রাখে। থানা থেকে আমাদের জানানো হলে আমরা জুনিয়রদের সেখান থেকে নিয়ে আসি। এ ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন তিনি।
বাণিজ্য মেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই জহুরুল ইসলাম বলেন, শেকৃবির ছাত্রলীগ নেতাকর্মী ও মেলার দায়িত্বরতদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তা মিটে গেছে। মেলার ভিআইপি গেটের ভিআইপি ইনচার্জ মীর ব্রাদার্সের কাজী তারেক মোশারফ মুকুল বলেন, এটা আসলে বড় কিছু নয়, ভুল বোঝাবুঝি!


