রাজধানীর পূর্বরামপুরায় সাজেদুল ইসলাম মাহিন নামে বেসরকারি নটরডেম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে মতিঝিলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে পূর্বরামপুরা বউবাজার এলাকায় ছিনতাইকারীরা তাকে গুলি করে। তার বাঁ-পায়ের পাতায় গুলি লেগেছে। তবে তার অবস্থা আশংকামুক্ত।
মাহিন জানান, তিনি নটরডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। তার বাসা পূর্বরামপুরা টেলিভিশন সড়কের ৩৩০/৭/২ নম্বরে। বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাস থেকে বন্ধুদের সঙ্গে খিলগাঁও তালতলা মার্কেটে যান। সেখান থেকে একাই হেঁটে বাসায় ফিরছিলেন। পূর্বরামপুরার বউবাজার এলাকায় একটি গলি দিয়ে যাওয়ার সময় ৪/৫ ছিনতাইকারী তার গতিরোধ করে মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। মোবাইল না দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে কাঁধে থাকা ব্যাগ ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মানিব্যাগে ২ হাজার টাকা ছিল বলে জানান মাহিন। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


