রাজধানীর কল্যাণপুরের একটি সড়কে পুলিশ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। সোমবার দিবাগত রাত একটার পর এই গোলাগুলি শুরু হয়।
জানা গেছে, মিরপুর থানা পুলিশ একটি তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি ৫ তলা ভবনে অভিযান চালায়। অভিযান চালানোর পরে ওই ভবন থেকে পুলিশের ওপর একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা নারায়ে তাকবির ও আল্লাহু আকবর বলে পুলিশের উপর গুলি চালাচ্ছে। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশিও চলছে।
রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি থামেনি।
এর আগে রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিরপুর, দারুস সালামসহ আশেপাশের কয়েকটি থানার পুলিশ জরুরি তলবে একত্রিত হয়ে ওই এলাকায় অভিযান শুরু করে।
অভিযানে থাকা মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হোসেন রাত আড়াইটার দিকে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেন, এই মূহুর্তে কিছুই জানানো যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।
মিরপুর জোনের এসি মাহবুব রহমান জানান, পুলিশ কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে থেকে ৫ নম্বর সড়ক পর্যন্ত ঘিরে রেখেছে। ওই সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন তথ্য পেয়েছি আমরা।
এর আগে রাত সোয়া ১টার কিছু পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে জঙ্গিরা ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে গুলি ছোঁড়া শুরু করে।


