বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্ষুব্ধ হাসিনা সরিয়েই দিলেন শামীমকে, নয়া দায়িত্বে ইহসানুল

PM-Hasina-Press-Secretaryপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। গত সপ্তাহ পর্যন্ত তিনি আগের দুই বছর রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কারণে এ কে এম শামীম চৌধুরীকে প্রেস সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে গত বছরের ৩ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে সোমবার ইহসানুলকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগের আদেশ জারি করেছে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৫ মে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে ইহসানুলের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন দায়িত্বে তিনি এ কে এম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। শামীম চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

শামীমের প্রতি প্রধানমন্ত্রীর অসন্তোষের একটি ঘটনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীকে দায়িত্ব পালনে অমনোযোগিতার কারণে গত সপ্তাহে প্রকাশ্যেই অসন্তুষ্টি প্রকাশ করেন বলে সূত্রের খবর। বিরক্ত হয়ে একটি সভাকক্ষ থেকে প্রেস সচিবকে বের হয়ে যেতেও বলেন। গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় ওই ঘটনা ঘটে। সেদিন সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সময় প্রধানমন্ত্রী দেখতে পান তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সেখানে বসে আছেন। এ সময় প্রধানমন্ত্রী তার কাছে জানতে চান, তিনি কোনো নোট নিচ্ছেন কি না? উত্তরে প্রেসসচিব বলেন, ‘জি না’। এতে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘আপনার তাহলে কাজ কি? কি জন্য এসেছেন? এর উত্তরে চুপ করে থাকেন শামীম চৌধুরী। এ পর্যায়ে প্রধানমন্ত্রী তাকে বের হয়ে যেতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সভাকক্ষ থেকে বের হয়ে যান প্রেস সচিব। বৈঠক সূত্রের বরাতে বলা হয়, ওই ঘটনার পর প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, উনি (শামীম চৌধুরী) কি জন্য আসেন? ওনাকে আসতে নিষেধ করে দেবেন। তার আর আসার দরকার নেই।

এদিকে দুপুরে ইহসানুল করিমকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব করা হলেও শামীম চৌধুরীর কি হবে তা জানা যাচ্ছিল না। তার ভবিষ্যত নিয়ে গুঞ্জন শুরু হওয়ার মধ্যেই সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীকে ‘জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে’র মহাপরিচালক করার কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *